↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৩ এপ্রিল ২০২৬, ২:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ৭ মার্চ ২০২৬, ৪:৩১ পি.এম

খুলনায় ৫ বিদেশি পিস্তল ও ৯৬ গুলিসহ নারী আটক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

খুলনা মহানগরীতে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমী (৩৭) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকালে নগরীর লবণচরা থানার নিজখামার এলাকায় একটি বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

কেএমপির লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে নিজখামার এলাকায় নিয়মিত চেকপোস্ট বসানো হয়েছিল। সকালে একটি সন্দেহভাজন গাড়িকে থামিয়ে তল্লাশি শুরু করলে ওই নারীর কাছে থাকা ব্যাগে অস্ত্রের অস্তিত্ব পাওয়া যায়। পরে তার কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল এবং ৯৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত পিস্তলগুলোর মধ্যে জাপান ও ব্রিটেনের তৈরি আধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে। আটক সুমী সাতক্ষীরা জেলা সদরের বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে। তিনি এই বিপুল পরিমাণ অস্ত্র কার কাছ থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, সে বিষয়ে পুলিশ তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে।

খবর পেয়ে কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি তুহিনুজ্জামান আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের পরিমাণ ও ধরন দেখে ধারণা করা হচ্ছে এটি কোনো বড় অপরাধী চক্রের চালান। এ ঘটনায় লবণচরা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।