↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৮ মার্চ ২০২৬, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ৮ মার্চ ২০২৬, ৩:২৭ এ.এম

ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলি ও ককটেল হামলা: চা দোকানি গুলিবিদ্ধ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যক্তিগত অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ রেলগেট সংলগ্ন অফিসে এই হামলার ঘটনা ঘটে। এতে শুকুর আলী নামে এক স্থানীয় চা দোকানি গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪-৫ জন সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ অফিসের সামনে এসে গালিগালাজ শুরু করে এবং যুবদল নেতা উজ্জ্বলকে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা অফিস লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি বর্ষণ করে এবং দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় অফিসের পাশে থাকা চা দোকানি শুকুর আলীর গলায় একটি গুলি লাগে। তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় পাশের একটি দোকানের অ্যাকুরিয়াম ভেঙে যায়।

স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেন জানান, শনিবার সারাদিনই বালুঘাটের নিয়ন্ত্রণ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত ছিল। সকালে বাহাদুরপুরে এবং দুপুরে টিকটিকি পাড়ার বালুঘাটে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই রাতে এই সশস্ত্র হামলা চালানো হয়েছে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, “আমি রাজনীতির পাশাপাশি ব্যবসা করি। শত্রুতাবশত আমার অফিসে গুলি চালানো হয়েছে এবং অফিস গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।”

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।