↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৯ মার্চ ২০২৬, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ৯ মার্চ ২০২৬, ১:১৯ এ.এম

শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) কর্তৃক তাদের গ্রেপ্তারের খবরের পর এই তৎপরতা শুরু হয়।

এর আগে ভারতের বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখা অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করে। তারা বাংলাদেশে হাদি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

গত ১২ ডিসেম্বর রাজধানীর একটি এলাকায় শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তজনা ছড়িয়ে পড়লে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল।

পুলিশি তদন্তে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনসহ কয়েকজনের নাম উঠে আসে। সিআইডি জানিয়েছে, কেবল হত্যাকাণ্ডই নয়, ফয়সালের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের প্রমাণও পাওয়া গেছে। তার ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থাটি।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর আদালত ফয়সাল ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন এবং একই দিনে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমানে ফয়সাল করিমের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত একটি পৃথক অনুসন্ধান কার্যক্রমও চালাচ্ছে সিআইডি।