রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ফ্যামিলি কার্ড পাইলটিং পর্যায়ের বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে রাজবাড়ীর পাংশায়। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে এই কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক জানান, দেশের মধ্যে প্রথম পর্যায়ে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরঝিকড়ী গ্রামে এই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে এই এলাকায় ১,৪০৪ জন সুবিধাভোগী কার্ডের জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ১,২০৬ জন সুবিধাভোগী পবিত্র ঈদুল ফিতরের আগেই কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন। বাকিরা পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আসবেন।
এই কার্যক্রমের ফলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, প্রধানমন্ত্রী ঘোষিত এই ফ্যামিলি কার্ড তাদের জীবনমান উন্নয়নে ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।