↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ মার্চ ২০২৬, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ১০ মার্চ ২০২৬, ৭:০৭ পি.এম

৫ বছরে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দেশের অর্ধেক জনসংখ্যা অর্থাৎ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ড. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, বর্তমানে দেশের ১৪টি স্থানে এই প্রকল্পের পাইলটিং কার্যক্রম সফলভাবে শুরু হয়েছে, যেখানে ৩৭ হাজার নারী অংশগ্রহণ করছেন। এরই ধারাবাহিকতায় আজ কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তি এলাকার প্রায় ১৫ হাজার নারীকে কার্ডের সুবিধার আওতায় আনা হয়েছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ৫ বছরের মধ্যে দেশের ৪ কোটি নারীপ্রধান পরিবারের প্রত্যেকের কাছে এই সুবিধা পৌঁছে যাবে।

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, “সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই আমরা ফ্যামিলি কার্ডের ওয়াদা পূরণ করতে শুরু করেছি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হিসেবে আমরা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য।” নারীদের শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতাকেই তাঁর সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।