↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ মার্চ ২০২৬, ১০:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ১১ মার্চ ২০২৬, ৩:১৫ এ.এম

‘জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি শব্দ ও অক্ষরের প্রতি বর্তমান সরকার পূর্ণ অঙ্গীকারাবদ্ধ। মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই জাতীয় সনদের পাশাপাশি বিএনপির নির্বাচনী ইশতেহারে যা কিছু উল্লেখ করা হয়েছে, জনগণের ম্যান্ডেট অনুযায়ী আমরা তা বাস্তবায়ন করব। ইশতেহারে আমরা উপ-রাষ্ট্রপতির বিধান রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেটিও কার্যকর করব।” তিনি আরও যোগ করেন যে, সরকার কেবল জুলাই সনদে সীমাবদ্ধ থাকবে না, বরং জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সকল অঙ্গীকার পূরণে দায়বদ্ধ।

সংবিধান সংস্কার ও গণভোট অধ্যাদেশ সংক্রান্ত সাম্প্রতিক আইনি বিতর্কের প্রেক্ষিতে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে নানা কথা বললেও এটি একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। যারা এখন সমালোচনা করছেন, তাদের অনেকেই এই সমঝোতায় স্বাক্ষর করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা সংবিধান মেনেই এ পর্যন্ত এসেছি এবং সামনেও সংবিধান অনুযায়ী চলব।”

সংসদের সার্বভৌমত্বের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ জানান, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। সংসদই নির্ধারণ করবে কোন অধ্যাদেশ কীভাবে গৃহীত বা সংশোধিত হবে। তিনি মনে করেন, আইনের ভিত্তিতে হওয়া গণভোটের মর্যাদা সাংবিধানিক ভোটের পরে এবং সব বিতর্কের নিরসন সংসদেই হওয়া উচিত।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এবং সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। অনুষ্ঠানে ফোরামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।