↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১২ মার্চ ২০২৬, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ১১ মার্চ ২০২৬, ৭:৪৮ পি.এম

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশনা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের সকল তফসিলি ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সংযত এবং সাশ্রয়ী হতে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। মূলত বৈশ্বিক ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে সম্ভাব্য বিঘ্ন ও ঘাটতি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, জাতীয় সম্পদের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে বিভিন্ন মিতব্যয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ব্যাংক খাতকেও বেশ কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। নির্দেশনার মধ্যে অন্যতম হলো—ব্যাংক ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির তাপমাত্রা কোনোভাবেই ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। এছাড়া দিনের বেলায় বৈদ্যুতিক বাতির ব্যবহার কমিয়ে প্রাকৃতিক আলো ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জ্বালানি সাশ্রয়ের লক্ষে কর্মকর্তাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণে ব্যয় কমানোর পাশাপাশি অফিসিয়াল গাড়ির ব্যবহার সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভব হলে কর্মকর্তাদের গণপরিবহন বা কার-শেয়ারিং ব্যবহারে উৎসাহিত করতে বলা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষকে। এছাড়া জেনারেটরের জ্বালানি ব্যবহার সীমিত রাখা এবং নির্ধারিত সময়ের বাইরে প্রচারমূলক ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড ও অপ্রয়োজনীয় সাজসজ্জার আলো বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মতে, ২০২২ সালের নির্দেশনার ধারাবাহিকতায় এই নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে যাতে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব দেশের আর্থিক খাতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে না পারে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের নির্দেশ দেওয়া হয়েছে।