↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১২ মার্চ ২০২৬, ৫:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ১১ মার্চ ২০২৬, ১১:৪৩ পি.এম

‘বিএনপির জন্য আগামী ৫ বছর সহজ হবে না, বট বাহিনীকে প্রতিরোধ করতে হবে’: পানিসম্পদ মন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিক ও ডিজিটাল বাস্তবতায় বিএনপির জন্য আগামী ৫ বছর কাজ করা সহজ হবে না। বিশেষ করে পরিকল্পিত ‘বট বাহিনী’র অপপ্রচার ও প্রোপাগান্ডাকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। বুধবার (১১ মার্চ) রাজধানীর খিলক্ষেতে জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী এ্যানি বলেন, “নির্বাচনকালীন সময়ে আমাদের সবচেয়ে বেশি লড়তে হয়েছে এই বট বাহিনীর বিরুদ্ধে। জিয়া সাইবার ফোর্স সেই প্রোপাগান্ডার বিরুদ্ধে দারুণ কাজ করেছে। এই লড়াইয়ে আমরা যাদের হারিয়েছি, তাদের অবদান আমরা কখনোই ভুলব না।” তিনি ডিজিটাল পরিসরে জাতীয়তাবাদী আদর্শ প্রচারে এক্টিভিস্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “নির্বাচনে জেডসিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনে সরকারের ইতিবাচক প্রচার বাড়ানো এবং অপপ্রচার রোধ করার মূল দায়িত্ব এই সংগঠনটিকেই নিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) একেএম শামছুল ইসলাম, প্রাথমিক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত জিয়া সাইবার ফোর্সের এক দশকের দীর্ঘ পথচলার ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর বিগত বছরগুলোতে আন্দোলনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে সংগঠনের পক্ষ থেকে মরণোত্তর সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়। বক্তারা ডিজিটাল প্ল্যাটফর্মে দেশের স্বার্থ রক্ষায় জিয়া সাইবার ফোর্সের ভূমিকা আরও জোরদার করার তাগিদ দেন।