↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১২ মার্চ ২০২৬, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ১২ মার্চ ২০২৬, ৩:৪০ এ.এম

‘বাংলাদেশ হবে সফটওয়্যার ও আইটি সেবার বৈশ্বিক হাব’: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আগামী দিনে সফটওয়্যার ও আইটি সেবার বৈশ্বিক কেন্দ্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার (১১ মার্চ) রাজধানীর রাওয়া ক্লাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তথ্যপ্রযুক্তি খাত অন্যতম প্রধান শক্তি। আমাদের বিশাল তরুণ সমাজকে বৈশ্বিক চাহিদার সাথে মিল রেখে দক্ষ করে তোলা হচ্ছে। লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সরকার বেসিসের মতো সংগঠনের পাশে থেকে আইসিটি শিল্পের বিকাশে কাজ করে যাবে।” তিনি আরও যোগ করেন যে, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে সরকার একটি বিনিয়োগবান্ধব ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান এবং মো. মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিসের প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

বেসিস প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের আইসিটি পণ্য ও সেবার বৈশ্বিক চাহিদা ক্রমাগত বাড়ছে। বেসিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে বাংলাদেশের ডিজিটাল খাত আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাতে পারে।

অনুষ্ঠানে বেসিস সহায়তাকারী কমিটির সদস্য, আইসিটি খাতের শীর্ষ নেতৃত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা সরকারি-বেসরকারি অংশীদারত্বের (PPP) ওপর গুরুত্বারোপ করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের আইসিটি খাতকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।