ঝিনাইদহে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় বিএনপি কর্মীর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত তরু মিয়া (৫০) নামের এক বিএনপি কর্মী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপুর গ্রামে নারী জামায়াত কর্মীদের একটি ইফতার মাহফিল আয়োজন নিয়ে শুক্রবার বেলা ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে তরু মিয়া ও তার ছেলে শিপনসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে তরু মিয়ার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের ভাগ্নে আবু কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তরু মিয়া মাত্র এক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। এই ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু গভীর ক্ষোভ প্রকাশ করে নিহতের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি জামায়াতকে দায়ী করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এদিকে, সন্ধ্যায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।