সোমবার দিনাজপুরে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী খাল পুনঃখনন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে কাহারোলের সাহাপাড়া–বলরামপুর খাল পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। পরিদর্শনকালে তার সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জাহিদ হোসেন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খনন করা অনেক খাল বর্তমানে ভরাট হয়ে গেছে। সেচ ব্যবস্থার উন্নয়ন, মাছ চাষ ও হাঁস পালনের সুযোগ তৈরি করে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে এসব খাল পুনঃখনন অপরিহার্য। সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে অত্র অঞ্চলের সাড়ে তিন লাখ মানুষ বন্যার হাত থেকে সুরক্ষা পাবে এবং শুষ্ক মৌসুমে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা ভোগ করবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ১৬ মার্চ তিনি আকাশপথে সৈয়দপুর হয়ে কাহারোলে পৌঁছাবেন। সেখানে খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন এবং স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন।
পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসির সমন্বিত এই প্রকল্পে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান মন্ত্রী।