↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৫ মার্চ ২০২৬, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ১৪ মার্চ ২০২৬, ৪:২৯ এ.এম

মোংলায় কোস্ট গার্ডের অভিযান: ১০ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি আটক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে মোংলা থানার চিলা বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার একটি বিশেষ দল চিলা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে অভিজিৎ পাড়ই শান্ত (৩০) নামের এক যুবককে আটক করা হয়। আটক শান্ত মোংলা উপজেলার দক্ষিণ কাইনমারি গ্রামের পিতর পাড়ইয়ের ছেলে।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, জব্দকৃত বিদেশি মদ এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মিডিয়া কর্মকর্তা নিশ্চিত করেছেন।