↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৫ মার্চ ২০২৬, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ১৪ মার্চ ২০২৬, ৭:২২ পি.এম

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আগামীকালই বর্তমান সরকারের শেষ অধিবেশন হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই সনদ আংশিকভাবে নয়, বরং সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।” তিনি অভিযোগ করেন, ইতিহাসের সেরা নির্বাচন হলেও পরবর্তী সময়ে জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি এবং খোদ উপদেষ্টাদের বক্তব্যের মাধ্যমেই সরকারের অসংগতিগুলো প্রকাশ পেয়েছে। আগামীকালকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে ১১ দল রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।

সংসদ ওয়াকআউট ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি স্বৈরাচারের দোসরদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে সংসদকে কলুষিত করেছে। এছাড়া প্রশাসনের সকল ক্ষেত্রে মেধাহীন লোক নিয়োগ দিয়ে বিএনপি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে বলে তিনি অভিযোগ তোলেন।

আগামী ২৮ মার্চ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে বলে লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।