হরমুজ প্রণালির নিরাপত্তা এককভাবে যুক্তরাষ্ট্রের নয়, চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এই প্রণালি দিয়ে পরিবহন করা তেলের সুবিধাভোগী দেশগুলো যেমন—চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সের উচিত এই জলপথের সুরক্ষা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, আন্তর্জাতিক এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করার দায় এককভাবে যুক্তরাষ্ট্রের নয়। তিনি যুক্তি দেন, যে দেশগুলো হরমুজ প্রণালির তেলের ওপর নির্ভরশীল, এই পথের নিরাপত্তা নিশ্চিত করা মূলত তাদেরই দায়িত্ব হওয়া উচিত। ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, তিনি এই অঞ্চলে সামরিক ও নিরাপত্তা ব্যয়ের একটি বড় অংশ সুবিধাভোগী দেশগুলোর কাছ থেকে প্রত্যাশা করছেন।
বিশ্লেষকদের মতে, ইরান এই জলপথটি কার্যত বন্ধ করে দেওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে যে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, ট্রাম্পের এই মন্তব্য তারই বহিঃপ্রকাশ। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার ফলে এই রুটটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এই অঞ্চলে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে এবং অতিরিক্ত মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। তবে ট্রাম্পের এই নতুন ‘যৌথ উদ্যোগের’ আহ্বান মিত্র দেশগুলোর পাশাপাশি চীনের মতো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকেও একই সারিতে দাঁড় করিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আল-জাজিরা।