↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৬ মার্চ ২০২৬, ৩:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ১৫ মার্চ ২০২৬, ২:০৯ এ.এম

খুলনাসহ ১৫ জেলায় জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ না পাওয়ার অভিযোগে খুলনাসহ ১৫ জেলায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বেচ্ছায় বন্ধ রেখেছেন জ্বালানি ব্যবসায়ীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরে খুলনা ট্যাংকলরি ওনার্স ভবনে জ্বালানি ব্যবসা সংশ্লিষ্ট চারটি সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।

জ্বালানি ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ায় তারা ব্যবসা পরিচালনায় হিমশিম খাচ্ছেন। সভায় বক্তারা অভিযোগ করেন, আগে প্রতিটি ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হলেও বর্তমানে বৈশ্বিক সংকটের অজুহাত দেখিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নির্দেশনায় সরবরাহ চরমভাবে কমিয়ে দেওয়া হয়েছে।

ব্যবসায়ী নেতারা জানান, খুলনা বিভাগসহ ১৫ জেলায় প্রতিদিন অকটেন, পেট্রোল ও ডিজেলসহ বিভিন্ন তেলের মোট চাহিদা প্রায় ৪০ থেকে ৪৫ লাখ লিটার। অথচ এর বিপরীতে তিনটি ডিপো থেকে বর্তমানে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে মাত্র নয় লাখ লিটার। ফিলিং স্টেশন ও এজেন্সি মালিকদের পক্ষ থেকে সরবরাহ অন্তত সাড়ে চার লাখ লিটার বাড়ানোর দাবি জানানো হলেও বিপিসি তা গ্রহণ করেনি। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা স্বেচ্ছায় সরবরাহ ও বিপণন বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সহ-সভাপতি শেখ মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় খুলনা বিভাগীয় ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টুসহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকার ইঙ্গিত দিয়েছেন তারা।