↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৬ মার্চ ২০২৬, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ১৫ মার্চ ২০২৬, ৩:১৪ এ.এম

নাঈম আহমাদের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন এক রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সদ্য সাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ। শনিবার (১৪ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি) নামে এই নতুন দলের নাম ঘোষণা করেন।

নাঈম আহমাদ তার বক্তব্যে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো ‘ফ্যাসিবাদী শক্তিগুলোর’ পতনের ফলে রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। তিনি মনে করেন, বর্তমানে কিছু ইসলামপন্থি দল এই শূন্যতা পূরণের চেষ্টা করলেও দীর্ঘমেয়াদে বিএনপি ও জামায়াতের বলয়ের বাইরে একটি শক্তিশালী মূলধারার বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা রয়েছে। আর সেই আকাঙ্ক্ষা থেকেই জেডিপির জন্ম।

নতুন এই দলের আদর্শিক ভিত্তি হবে ‘বাংলাদেশপন্থা’ ও ‘সংস্কারপন্থা’। নাঈম আহমাদ জানান, জেডিপির ১২ দফা কর্মসূচির মধ্যে অন্যতম হলো— জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ধর্মীয় মূল্যবোধের সুরক্ষা, বিনামূল্যে কর্মসংস্থানমুখী শিক্ষা এবং পাচারমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য জাতীয় সংসদে বিল উত্থাপনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে ‘শিবির’ ট্যাগ দিয়ে যেমন নিপীড়ন চালানো হয়েছিল, বর্তমানে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে নিরপরাধ ব্যক্তিদের হয়রানির প্রবণতাও কাম্য নয়। সুনির্দিষ্ট অপরাধ না থাকলে সবাইকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ঘোষণাপত্র ও কেন্দ্রীয় কমিটি ঘোষণার মাধ্যমে দলটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে। ততদিন পর্যন্ত নাঈম আহমাদ দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।