↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৬ মার্চ ২০২৬, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ১৫ মার্চ ২০২৬, ১০:০১ এ.এম

মন্ত্রিত্ব আমার চাকরি নয়, ইবাদত: শিক্ষামন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তিনি মন্ত্রিত্বকে কোনো সাধারণ ‘চাকরি’ হিসেবে দেখেন না, বরং একে দেশসেবার একটি ‘ইবাদত’ হিসেবে বিবেচনা করেন। শনিবার (১৪ মার্চ) মিন্টো রোডের সরকারি বাসভবনে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “মন্ত্রণালয় আমার কাছে কোনো সাধারণ কর্মস্থল নয়, এটি একটি ইবাদতখানা। আমি আগামী ১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার এমন একটি ভিত্তি তৈরি করতে চাই, যা আগামী ১৮০ বছর পর্যন্ত প্রভাব ফেলবে।” তিনি আরও জানান, কোনো ভুল পদক্ষেপ এড়াতে তিনি অত্যন্ত ধীরস্থির ও পরিকল্পিতভাবে এগিয়ে যেতে চান।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, “সবাইকে গতানুগতিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এখানে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয়, দেশের শিক্ষার মানোন্নয়নে কাজ করতে এসেছেন।” এছাড়া, ২০২৭ সালের জন্য নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জনকে নিজের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদে নিয়োগে অভিজ্ঞতার বাধ্যবাধকতা এবং ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৫-১৭ বছরে যারা রাজনৈতিক কারণে বঞ্চিত হয়েছেন, তাদের সুযোগ করে দিতেই অভিজ্ঞতার বিষয়টি যৌক্তিক করা হয়েছে। আর ম্যানেজিং কমিটির যোগ্যতার বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাপ-আলোচনা করছে এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুষ্ঠানে ইরাব-এর সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।