↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৬ মার্চ ২০২৬, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ১৬ মার্চ ২০২৬, ১২:১৯ এ.এম

গণতন্ত্র রক্ষায় বর্তমান সরকারকে দৃঢ়ভাবে সমর্থন দেওয়া প্রয়োজন: শামসুজ্জামান দুদু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

গণতন্ত্রের উত্তরণ, দেশের স্বাধীনতা রক্ষা এবং জনকল্যাণের স্বার্থে বর্তমান সরকারকে দৃঢ়ভাবে সমর্থন ও পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ব্যারিস্টার মওদুদ আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী কর্মজীবী দল এই অনুষ্ঠানের আয়োজন করে।

শামসুজ্জামান দুদু প্রয়াত রাজনীতিবিদ মওদুদ আহমদের স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশে মওদুদ আহমদের মতো দক্ষ রাজনীতিবিদ, লেখক ও বুদ্ধিজীবীর সংখ্যা অত্যন্ত নগণ্য। তার লেখা বইগুলো পাঠ করলে বাংলাদেশের রাজনীতির প্রকৃত ইতিহাস সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যায়। তিনি ছাত্ররাজনীতি থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শহীদ জিয়াউর রহমানের সঙ্গে বিএনপি গঠনে তার অবদান দলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মওদুদ আহমদের রাজনৈতিক জীবনের বৈচিত্র্য উল্লেখ করে দুদু বলেন, তার পরবর্তী সময়ের রাজনীতি নিয়ে আলোচনা বা সমালোচনা থাকতে পারে, তবে তিনি যে একজন দুর্নীতিবিরোধী মানুষ ছিলেন—তা অস্বীকার করার উপায় নেই। তিনি দেশের প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। তবুও গণতন্ত্র উত্তরণের স্বার্থে পরবর্তীতে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় সাধারণ মন্ত্রী হিসেবে কাজ করতেও তিনি দ্বিধা করেননি।

সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করেন, বিগত শেখ হাসিনা সরকার মওদুদ আহমদের ওপর চরম রাজনৈতিক প্রতিহিংসা চালিয়েছে। তাকে মিথ্যা মামলা ও শারীরিক নির্যাতনের পাশাপাশি তার পৈতৃক বাড়ি পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এত প্রতিকূলতার মাঝেও মওদুদ আহমদ তার আদর্শ ও সত্যের পথ থেকে বিচ্যুত হননি।

দুদু আরও বলেন, মওদুদ আহমদ নেতাকর্মীদের আগলে রাখতেন এবং ভুল সংশোধনে দিকনির্দেশনা দিতেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার মতো অভিজ্ঞ মানুষের অভাব বোধ করছে দল। তার রেখে যাওয়া আদর্শ অনুসরণ করেই আগামী দিনের পথ চলতে হবে।

জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি এবং সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।