কর্দমাক্ত পোশাকেই জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান; দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত খাল খনন কর্মসূচির আদলে দেশব্যাপী কৃষি বিপ্লবের নতুন ডাক দিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় উপস্থিত হয়ে তিনি এই বিশাল কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে সাহাপাড়ায় মাটি কেটে খাল খনন কাজের সূচনা করেন। এসময় কাদা লেগে তার জুতো ও প্যান্টের নিচের অংশ কর্দমাক্ত হয়ে যায়। তবে সেই অবস্থাতেই কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা পোশাক পরিবর্তন না করে সরাসরি জনসভার মূল মঞ্চে উঠে আসেন তিনি। প্রধানমন্ত্রীর এই সাদাসিধে ও কর্মঠ রূপ দেখে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়।
মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই কাদা আমার দেশের মাটি, এই মাটি আমাদের সমৃদ্ধির প্রতীক।” তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যে কৃষি বিপ্লব শুরু করেছিলেন, সেই ধারাকে আবারও ফিরিয়ে আনতে চায় বর্তমান সরকার। প্রতিটি কৃষকের জমিতে পানি পৌঁছানো এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
সরকারের মহাপরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। সোমবার উদ্বোধনের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি জেলায় এই কাজ শুরু হলো।
জনসভায় আসা কাহারোলের প্রবীণ ব্যক্তি হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর এই রূপ যেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। বাংলার মাটি ও মানুষের সঙ্গে নেতার এই নিবিড় সম্পর্ক সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।