↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৮ মার্চ ২০২৬, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ১৭ মার্চ ২০২৬, ৫:১১ পি.এম

ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান বিতরণ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী এবং ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনে আয়োজিত পৃথক দু’টি অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে এই অনুদান হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিএসসিসির মোট ৪ হাজার ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য জনপ্রতি ৪ হাজার টাকা হারে মোট ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর আগে গত ১৫ মার্চ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়েছিল। প্রশাসক এদিন আনুষ্ঠানিকভাবে সেই অর্থ কর্মীদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী যেভাবে সম্মান ও সহমর্মিতার সঙ্গে ঈদ উপহার পাঠিয়েছেন, তার প্রতিদান হিসেবে পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব হলো নগরবাসীকে একটি ‘ক্লিন সিটি ও গ্রিন সিটি’ উপহার দেওয়া।

অন্যদিকে, ডিএসসিসির নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩ হাজার টাকা এবং ১ হাজার ৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা হারে ঈদ অনুদান দেওয়া হয়। এই খাতে সংস্থাটি মোট ৮৪ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করেছে।

ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের সচেতনতা গড়ে তুলতে ইমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি পরিচ্ছন্ন নগর গঠনে তিনি ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।