তারেক রহমানের ২৮ দিনের কার্যক্রমকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ আখ্যা দিলেন উপদেষ্টা মাহদী আমিন

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন নবগঠিত সরকারের প্রথম ২৮ দিনের কার্যক্রমকে এক ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি সরকারের এই স্বল্পকালীন সময়ের উল্লেখযোগ্য ২৮টি পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন।
মাহদী আমিন তার পোস্টে উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর গত এক মাসে প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে নির্বাচনি অঙ্গীকার পূরণে নিরলস কাজ করেছেন। তার মতে, এই পদক্ষেপগুলো কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং জনগণের প্রতি সরকারের গভীর দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
উপদেষ্টার তুলে ধরা তালিকায় সামাজিক সুরক্ষার আওতায় ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী এবং প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থা চালুর উদ্যোগের কথা বলা হয়েছে। কৃষি খাতে ১২ লাখ কৃষকের ঋণ মওকুফ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচিকে গ্রামীণ অর্থনীতি পুনর্গঠনের হাতিয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রশাসনিক সংস্কারে প্রধানমন্ত্রী নিজে শনিবার অফিস করা এবং এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা বাতিলের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া অর্থনীতি পুনরুদ্ধারে বিদেশি বিনিয়োগ সহজীকরণ, রুগ্ন শিল্প পুনরায় চালু এবং শ্রমিকদের বকেয়া পরিশোধে ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের তথ্যও পোস্টে উঠে আসে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের কথা জানিয়ে মাহদী আমিন বলেন, প্রতি বছর পুনর্ভর্তি ফি ও লটারি প্রথা বাতিল করা হয়েছে। স্বাস্থ্যসেবায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও ই-হেলথ কার্ড চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে চাঁদাবাজি রোধ এবং নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা এবং পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ড. মাহদী আমিন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেখভাল করছেন।