‘ঈদযাত্রায় ভোগান্তি কোনোভাবেই সহ্য করা হবে না’: সেতু সচিব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। মঙ্গলবার (১৭ মার্চ) প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, “ঈদে মানুষের যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি সহ্য করা হবে না।”
পরিদর্শনকালে সচিব নির্মাণকাজের অগ্রগতি ও বর্তমান সড়ক পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি উত্তরবঙ্গগামী যানবাহনের স্বাচ্ছন্দ্য চলাচলের জন্য যেসব অংশে সংস্কার প্রয়োজন, তা দ্রুত শেষ করার নির্দেশ দেন। সচিব স্পষ্ট জানান, নির্মাণকাজের দোহাই দিয়ে ঢাকা-আশুলিয়া সড়কে যান চলাচল ব্যাহত করা যাবে না।
সেতু সচিব আরও জানান, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারের একটি অগ্রাধিকারভিত্তিক মেগা প্রকল্প। এটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগে গতি আসবে। নির্মাণকাজ চলাকালীন জনদুর্ভোগ কমাতে বিকল্প সড়ক সচল রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।