নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি বিতরণ করলেন এমপি আতাউর রহমান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইলের গরিব, অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাইজপাড়া কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও শাড়ি তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। তিনি জানান, নড়াইল-২ সংসদীয় আসনের মোট ১৯৮টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ টাকা সমভাবে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি অসহায় নারীদের জন্য ৭০০টি শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতাউর রহমান বলেন, “পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের গরিব-দুঃখী তথা সাধারণ মানুষের সুখ-দুঃখে সর্বদা পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, মাইজপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সফুরা খাতুন বেলি এবং জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।