↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২০ মার্চ ২০২৬, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ১৯ মার্চ ২০২৬, ২:১৫ পি.এম

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

খুলনার লবণচরা এলাকায় একটি বাড়িতে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে লবণচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন— কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলের স্ত্রী ফাহিমা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ে গুলি বিদ্ধ হয়েছে। চিকিৎসকরা তাদের শরীর থেকে গুলি বের করতে না পারায় জরুরি ভিত্তিতে ঢাকা পাঠানোর পরামর্শ দেন।

ঘটনার নেপথ্যে থাকা কারণ সম্পর্কে জানা যায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুলের সাথে কারাগারে পরিচয় হয় ইমরান নামের এক ব্যক্তির। সেই সুবাদে রাশিদুল ইমরানের বাড়িতে যাতায়াত করতেন এবং একপর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। মাস ছয়েক আগে ইমরান পুনরায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। কারাগার থেকে মুক্তি পেয়ে এই বিয়ের কথা জানতে পেরে ইমরান ক্ষুব্ধ হন এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া ও দ্বিতীয় বিয়ে সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে। ইমরানসহ মোট ছয়জন এই হামলায় সরাসরি অংশ নেয়। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।