সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ২ লঞ্চের রুট পারমিট বাতিল

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। বুধবার (১৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করেন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী রাজিব আহসান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।” প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিনি দুর্ঘটনাসংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিট বাতিলের ঘোষণা দেন এবং স্পষ্ট জানান যে, নৌপথে অবহেলাজনিত কোনো দুর্ঘটনা বরদাশত করা হবে না।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত সচিব (সংস্থা) আবুল ইসলামকে। এই কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের প্রতিনিধিরা রয়েছেন। অন্যদিকে, বিআইডব্লিউটিএ’র নিজস্ব কমিটির নেতৃত্বে রয়েছেন সংস্থাটির পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম। উভয় কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানান, হতাহতরা সবাই বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকার একই পরিবারের সদস্য। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন, যার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দেন তিনি। পরিদর্শনকালে নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।