↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২২ মার্চ ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ২১ মার্চ ২০২৬, ১:৪৬ পি.এম

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২১ মার্চ) ঈদের দিন দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ড. ইউনূস প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ড. জোবায়দা রহমান, কন্যা জাইমা রহমান এবং প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক ঘরোয়া পরিবেশে তারা একে অপরের কুশল বিনিময় করেন।

দীর্ঘদিন পর দেশে এক নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ড. ইউনূস ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা বেশ কিছুক্ষণ সাময়িক আড্ডায় মেতে ওঠেন এবং পরে পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে ছবি তোলেন।

বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের প্রথম ঈদ শুভেচ্ছা বিনিময়। জাতীয় ঐক্যের বার্তা ও সম্প্রীতির আবহে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।