↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২২ মার্চ ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ২১ মার্চ ২০২৬, ২:২২ পি.এম

বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শনিবার (২১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে তিনি কবরস্থানে পৌঁছান এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান একসঙ্গে জিয়ারতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে পরিবারের সদস্যদের নিয়ে পরম করুণাময় আল্লাহর দরবারে মরহুম পিতা-মাতার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তারা সম্মিলিতভাবে মোনাজাতে শরিক হন।

এর আগে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন। এরপর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। যমুনার আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি কবর জিয়ারত করতে যান।