সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদ ও দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বর্ণাঢ্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।
সকাল থেকেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে যমুনা অভিমুখে মানুষের ঢল নামে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদেশি কূটনীতিকরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। প্রধানমন্ত্রী আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগ করে নেন। উৎসবমুখর এই পরিবেশে যমুনা প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়।
এর আগে, সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার পর তিনি যমুনায় ফিরে এসে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন।
যমুনায় শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রীকে বেশ প্রফুল্ল দেখা যায়। তিনি আগতদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। দীর্ঘ সময় ধরে চলা এই অনুষ্ঠানে সরকারের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।