ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক প্রধানমন্ত্রী তারেক রহমানের

দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।
দীর্ঘ বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বহু বছর পর নিজ দেশের মানুষের সঙ্গে ঈদ করতে পেরে আমি আনন্দিত। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলতে পারি।” এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্পষ্ট জানান, বর্তমান নির্বাচিত সরকার জনগণের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেবে। তিনি বলেন, “দেশের মানুষ যে ধরনের বাংলাদেশ দেখতে চায়, সেই দেশ গঠনেই সরকার নিরলসভাবে কাজ করে যাবে। তবে এই বিশাল লক্ষ্য অর্জনে দেশবাসীর পূর্ণ সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা থাকলে জনগণের চাওয়া অনুযায়ী দেশ গঠনে আমরা সর্বোচ্চ শক্তি নিয়োগ করব।”
শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামীতে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারবে। পরিশেষে তিনি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানান এবং দলমত নির্বিশেষে সবার মঙ্গল কামনা করেন।