↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৩ মার্চ ২০২৬, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ২২ মার্চ ২০২৬, ২:১৮ এ.এম

রাস্তায় ট্রাফিক সার্জেন্টকে বুকে জড়িয়ে নিলেন প্রধানমন্ত্রী, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ঈদের আনন্দ কেবল আনুষ্ঠানিকতার নয়, পারস্পরিক সম্প্রীতি ও শ্রদ্ধাবোধের মাধ্যমে কীভাবে তা পূর্ণতা পায়, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাস্তায় দায়িত্ব পালনরত এক সাধারণ পুলিশ সার্জেন্টকে বুকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা বিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকার সময় রাস্তায় দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্ট তাকে দেখে প্রটোকল অনুযায়ী স্যালুট জানান এবং হাত মেলাতে এগিয়ে আসেন। এ সময় কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই প্রধানমন্ত্রী অত্যন্ত সাদামাটাভাবে ওই পুলিশ সদস্যকে কাছে টেনে নেন এবং বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর এমন অমায়িক ও আন্তরিক আচরণে ওই পুলিশ সদস্যসহ উপস্থিত সবার মাঝেই এক অন্যরকম উচ্ছ্বাস দেখা যায়।

প্রধানমন্ত্রীর এই সহজ-সরল ও আন্তরিক রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করছেন সাধারণ নাগরিকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার মানুষ এই ভিডিওটি শেয়ার করে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, শাসক ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্ব ঘুচে যাওয়ার এটি একটি বড় প্রতীক।