↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৩ মার্চ ২০২৬, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ২২ মার্চ ২০২৬, ১০:২৪ এ.এম

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারকে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। নিহত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।

রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি জানান, সদর দক্ষিণে ট্রেন দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, মরদেহ হস্তান্তরের সময় তাদের স্বজনদের হাতে নগদ ২৫ হাজার টাকা করে তুলে দেওয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের ১২ জন যাত্রী নিহত হন, যাদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে। জেলা প্রশাসনের এই আর্থিক অনুদান শোকসন্তপ্ত পরিবারগুলোর দাফন-কাফনের প্রাথমিক ব্যয়ভার মেটাতে কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।