↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৬ মার্চ ২০২৬, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ২৫ মার্চ ২০২৬, ১:৩৩ এ.এম

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি সরবরাহ বিঘ্নিত: বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করল ফিলিপাইন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় যেসব দেশ সবচেয়ে বেশি অর্থনৈতিক ঝুঁকির মুখে রয়েছে, ফিলিপাইন তাদের অন্যতম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের প্রয়োজনীয় জ্বালানি তেলের ৯৮ শতাংশই পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করা হয়। সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। ফলে গত তিন সপ্তাহে ফিলিপাইনের সাধারণ মানুষ কয়েক দফা তীব্র জ্বালানি মূল্যবৃদ্ধির কবলে পড়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (২৪ মার্চ) এক নির্বাহী আদেশে ফিলিপিনো প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ‘আসন্ন বিপদের’ কথা জানান। তিনি উল্লেখ করেন, এই ঘোষণার ফলে জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিতে এবং সামগ্রিক অর্থনীতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা পাবে সরকার।

রাষ্ট্রপতির আদেশে বলা হয়েছে, জ্বালানি তেল, খাদ্য, ওষুধ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুশৃঙ্খল বণ্টন তদারকি করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া মজুত বাড়ানোর লক্ষ্যে সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য কেনার বিশেষ ক্ষমতাও সরকারকে দেওয়া হয়েছে।

অন্যদিকে দেশটির জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, বর্তমান ব্যবহার অনুযায়ী ফিলিপাইনের কাছে আর মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। প্রেসিডেন্টের এই আদেশটি আগামী এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রপতি এই সময়সীমা বাড়াতে বা প্রত্যাহার করতে পারবেন।

সূত্র: আল জাজিরা।