ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ আটক

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাঁকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে বলে জানান। বর্তমানে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার মামুন খালেদকে আদালতে পাঠানো হবে বলে ডিবি সূত্রে জানানো হয়েছে।
এর আগে, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানা খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।