↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৮ মার্চ ২০২৬, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ২৭ মার্চ ২০২৬, ৫:১৫ পি.এম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় বিকেল ৩টা ৫৭ মিনিটে তিনি সভাস্থলে পৌঁছান। এই আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রী সভাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে মুখর হয়ে ওঠেন। তাঁরা স্লোগান দেন—‘স্বাধীনতার ঘোষক জিয়া- লও লও লও সালাম, আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে, জিয়ার সৈনিক এক হও, এক হও’।

এর আগে দুপুর ৩টায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। আলোচনা সভার শুরুতে বিশেষ দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।

ঐতিহাসিক এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।