অন্তর্বর্তী সরকারকে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক বিস্ফোরক দাবি করেছেন। তার মতে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের শুরুর দিকে ‘ডিপ স্টেট’ বা রাষ্ট্রের প্রভাবশালী কিছু গোষ্ঠী তাদের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
আসিফ মাহমুদ জানান, ওই প্রস্তাবের সাথে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপও দেওয়া হয়েছিল। সেখানে শর্ত ছিল যে, নির্দিষ্ট কিছু পক্ষকে বিশেষ সুবিধা (ফ্যাসিলিটেট) দিতে হবে। এছাড়া আদালতের মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতাদের সাজা দীর্ঘায়িত করে তাদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশলও সেই পরিকল্পনায় ছিল। বিশেষ করে বিএনপি নেতা তারেক রহমানের সাজার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাজাপ্রাপ্ত অবস্থায় থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না—এমন সমীকরণও সেখানে ছিল।
তবে অন্তর্বর্তী সরকার সেই প্রস্তাবে সায় দেয়নি উল্লেখ করে সাবেক এই উপদেষ্টা বলেন, “আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য আমরা নিজেরা আগবাড়িয়ে পদত্যাগ করে চলে এসেছি।” তিনি আরও যোগ করেন, সরকার কোনো অপশক্তির সঙ্গে সমঝোতায় না গিয়ে নির্বাচনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিল।
‘ডিপ স্টেট’ বলতে আসলে কাদের বোঝানো হয়েছে, শুক্রবার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সরাসরি কারও নাম নিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “ডিপ স্টেটে বৈদেশিকসহ অনেকগুলো পক্ষ ছিল। তাই সুনির্দিষ্ট করে কারও নাম আমি উল্লেখ করতে চাই না।” উল্লেখ্য, সাধারণত সরকারের বাইরে থেকে রাষ্ট্রের নীতি নির্ধারণে প্রভাব বিস্তারকারী প্রভাবশালী গোষ্ঠীকে বোঝাতে রাজনৈতিক পরিভাষায় ‘ডিপ স্টেট’ শব্দটি ব্যবহৃত হয়।