↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৯ মার্চ ২০২৬, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ২৮ মার্চ ২০২৬, ৩:২৯ পি.এম

দুই দশক পর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ শনিবার (২৮ মার্চ) তিনি সেখানে উপস্থিত হয়ে দলীয় ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি নিজেই এই ঘোষণা দেন। সভায় তরুণ নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ও উচ্ছ্বাস দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “কাল নয়াপল্টনে আসবো। তোমাদের দেখতে চাই। দেখবো কারা কারা আসো।” তার এই ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়ে এবং পুরো মিলনায়তন স্লোগানে মুখর হয়ে ওঠে।

প্রধানমন্ত্রীর নয়াপল্টনে আগমনের বিষয়টি শুক্রবার রাতেই বিএনপির মিডিয়া সেল থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তার এই সফরকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক প্রবাস জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর সর্বশেষ ২৯ ডিসেম্বর তিনি একবার দলীয় কার্যালয়ে গিয়েছিলেন। তবে সরকার প্রধান হিসেবে আজই তার প্রথম নয়াপল্টন সফর হতে যাচ্ছে।