র্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আহসান হাবীব পলাশ। শনিবার (২৮ মার্চ) তিনি নতুন এই পদের দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) আহসান হাবীবকে র্যাবের ডিজি হিসেবে নিয়োগ প্রদান করে। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন তিনি।
আহসান হাবীব পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করেছেন। এর মধ্যে চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডিএমপি, সিএমপি ও এসএমপি অন্যতম। এছাড়া রাঙামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলাতেও তিনি মাঠ পর্যায়ের পুলিশিংয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরে প্রশাসনিক ও তদন্ত কাজে তার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।