↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৯ মার্চ ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ২৮ মার্চ ২০২৬, ৭:০৯ পি.এম

মিত্রদের ভূমিকায় হতাশ ট্রাম্প: ন্যাটোর পাশে না থাকার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মিত্র দেশগুলোর ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করে ন্যাটো জোটের পাশে যুক্তরাষ্ট্রের না থাকার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ মার্চ) মিয়ামিতে এক বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে ন্যাটোর ওপর কোনো সংকট এলেও ওয়াশিংটন হয়তো তাদের রক্ষায় এগিয়ে আসবে না।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, পারস্য উপসাগরীয় তেল ও গ্যাস রপ্তানির গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সুরক্ষায় ন্যাটোর অস্বীকৃতির বিষয়ে ট্রাম্প তার ক্ষোভ পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা প্রতি বছর ন্যাটোর পেছনে শত শত বিলিয়ন ডলার খরচ করি এবং তাদের রক্ষা করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, আমাদের আর তাদের পাশে থাকার প্রয়োজন নেই। তারা যদি আমাদের পাশে না থাকে, তবে আমরা কেন থাকব?”

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি অভিযান শুরু হওয়ার এক মাস অতিবাহিত হলেও পশ্চিমা মিত্রদের কাছ থেকে কাঙ্ক্ষিত সামরিক সমর্থন না পাওয়ায় ট্রাম্প গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে সমালোচনা করে আসছেন। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে মিত্রদের অনীহাকে তিনি ‘কাপুরুষতা’ হিসেবে অভিহিত করেছেন। এমনকি ন্যাটোকে একটি ‘কাগুজে বাঘ’ বলেও কটাক্ষ করেন তিনি।

উল্লেখ্য, ইরানের সম্ভাব্য আক্রমণের ঝুঁকিতে থাকা হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ ছয়টি প্রধান দেশ সহায়তার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো দেশই সেখানে সেনা পাঠানোর চূড়ান্ত প্রতিশ্রুতি দেয়নি। ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে দাবি করেছেন, সামরিকভাবে বিধ্বস্ত ইরানের বিরুদ্ধে সাহায্য করতে ন্যাটো দেশগুলো বিন্দুমাত্র ভূমিকা রাখেনি।