শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: জেলা ছাত্রলীগ আহ্বায়কসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

শরীয়তপুর জেলা শহরে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি অংশে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়কসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শরীয়তপুর সদরের পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি করেন। পুলিশ ইতোমধ্যে মামলার অন্যতম আসামি রিয়াজুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর শুক্রবার রাতে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর অগ্নিসংযোগের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভটিতে আগুন দিচ্ছেন এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির জাতীয় যুবশক্তির নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, সিসিটিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মহসিন মাদবরকে। মামলার পর গ্রেপ্তারকৃত রিয়াজুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আত্মগোপনে থাকা বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা জানান, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে স্থাপিত এই স্মৃতিস্তম্ভটি রাতের আঁধারে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আগুনের তাপে স্তম্ভটির একাংশের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত মহসিন মাদবরের মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।