↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৯ মার্চ ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ২৯ মার্চ ২০২৬, ৪:৪৫ পি.এম

বক্ষব্যাধি হাসপাতালে দ্রুত ৪০ আইসিইউ বেড চালুর নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নবনির্মিত ৪০টি আইসিইউ বেড দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সাধারণ মানুষের জন্য উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে অচিরেই এই সেবাটি চালু করার জন্য তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রোববার (২৯ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভা শেষে হাসপাতালটির বিশেষায়িত অ্যাজমা সেন্টারে আইসিইউ বেড প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ফ্লোরগুলো ঘুরে দেখেন এবং সেখানে সংস্কারের মাধ্যমে গড়ে তোলা অত্যাধুনিক আইসিইউ শয্যা ও চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, “সাধারণ মানুষ যাতে কম খরচে এবং সুলভ মূল্যে আইসিইউ সেবা পেতে পারে, সে জন্য এই ইউনিটটি যত দ্রুত সম্ভব চালু করতে হবে। আমাদের লক্ষ্য হলো সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন করা এবং প্রতিটি নাগরিকের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেয়া।” তিনি বিশেষ গুরুত্ব দিয়ে জানান, এখানে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে আইসিইউ সেবার ব্যবস্থা থাকবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পরিত্যক্ত জায়গাকে ব্যবহারোপযোগী করে এই আইসিইউ ব্লকটি তৈরি করা হয়েছে। এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বক্ষব্যাধি ও শ্বাসকষ্টজনিত জটিল রোগীদের চিকিৎসার জন্য ব্যয়বহুল বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ এবং চিকিৎসা সুবিধা বৃদ্ধিতে আরও কিছু পরামর্শ প্রদান করেন।