চুয়াডাঙ্গায় ১ এপ্রিল থেকে ‘ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট রোধে ‘ফুয়েল কার্ড’ চালুর যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক (ডিসি) কামাল হোসেন জানান, আগামী ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই কার্ড বিতরণ করা হবে। কার্ড পেতে ইচ্ছুক চালকদের যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। ১ এপ্রিল থেকে জেলার ২২টি পাম্পে শুধুমাত্র কার্ডধারী যানবাহনেই তেল সরবরাহ করা হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিক্রি চলবে।
তবে কৃষকদের সেচ কাজের গুরুত্ব বিবেচনা করে এই নিয়ম থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই পাম্পগুলো থেকে ২৪ ঘণ্টা সংগ্রহ করা যাবে। ডিসি সতর্ক করে বলেন, পাম্পের কোনো কর্মচারী অনিয়ম করলে তার দায়ভার মালিকপক্ষকে নিতে হবে।
সভায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত দিয়ে ভারতে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, পুলিশ সুপার রুহুল কবীর খান জানান, সোমবার (৩০ মার্চ) থেকে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরযানের বিরুদ্ধে জেলাজুড়ে বিশেষ অভিযান শুরু হবে। কোনো পাম্প মালিক বা ব্যক্তি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।