৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপি

ঢাকার দুই সিটিসহ দেশের গুরুত্বপূর্ণ পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটিতে লড়াই করবেন আরিফুল ইসলাম আদিল। এছাড়া কুমিল্লায় তরিকুল ইসলাম, রাজশাহীতে মোবাশ্বের আলী এবং সিলেটে আবদুর রহমান আফজালকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রার্থীদের নাম ঘোষণার আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার সংবিধান লঙ্ঘন করে স্থানীয় সরকারকে দলীয়করণ করছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ভোট হবে কি না, তা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, জোটগতভাবে নির্বাচনের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেন, “বিএনপি জনগণের সেবা নয়, স্থানীয় সরকার দখলের খেলায় মেতেছে।” এ সময় তিনি আগামী ছয় মাসের মধ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবি পেশ করেন। এনসিপির উল্লেখযোগ্য দাবিগুলো হলো: ১. উপজেলা পর্যায়ে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না। ২. যাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, বিএনপি তাদের আর মনোনয়ন দিতে পারবে না। ৩. নির্বাচন দলীয় প্রতীকে করা যাবে না। ৪. নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ৫. আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।
সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।