↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৩০ মার্চ ২০২৬, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ৩০ মার্চ ২০২৬, ২:১৩ এ.এম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১ দফা নির্দেশনা: সকালে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ১১টি জরুরি নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (২৯ মার্চ) মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-সংস্থা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ইতিপূর্বে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস কক্ষে অবস্থান এবং বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে ১১টি নির্দেশনা কঠোরভাবে পালনের অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রধান ১১টি নির্দেশনা হলো:

১. প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত আবশ্যিকভাবে নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। ২. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। ৩. অফিস চলাকালীন কেবল প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান ও এসি ব্যবহার করতে হবে। ৪. এয়ার কন্ডিশনারের (AC) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে। ৫. কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। ৬. করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না। ৭. অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টারসহ সব যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে। ৮. সরকারি বিশেষ নির্দেশনা ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। ৯. জ্বালানি (তেল/গ্যাস) ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে। ১০. অফিস কক্ষ, করিডোর ও টয়লেট নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ১১. এই নির্দেশনাগুলো মনিটরিং করার জন্য প্রতিটি কার্যালয়ে একটি করে ‘ভিজিল্যান্স টিম’ গঠন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশগুলো প্রতিপালনে অবহেলা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।