↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৩১ মার্চ ২০২৬, ১০:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ৩১ মার্চ ২০২৬, ১:০৮ এ.এম

চুক্তি না হলে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে এবং যুদ্ধের অবসান ঘটাতে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩০ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেলক্ষেত্র এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপ ধ্বংস করে দেওয়া হবে।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের একটি ‘নতুন এবং আরও যুক্তিবাদী’ গোষ্ঠীর সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে এবং এতে অনেক অগ্রগতি হয়েছে। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যদি দ্রুত কোনো সমঝোতা না হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়া না হয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চূড়ান্ত সামরিক আঘাত হানবে।

এর আগে ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, গত ৪৭ বছরে ইরানের শাসনামল যে পরিমাণ মার্কিন সৈন্য ও সাধারণ মানুষকে হত্যা করেছে, এই সামরিক অভিযান হবে তারই প্রতিশোধ। উল্লেখ্য, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে।

এদিকে, সামরিক প্রস্তুতি হিসেবে রোববার (২৯ মার্চ) প্রায় সাড়ে তিন হাজার মার্কিন নৌসেনা ইউএসএস ত্রিপোলিতে চড়ে মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে এই বাহিনী হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষায় মোতায়েন করা হবে। একইসঙ্গে তিনি ইরানের তেল সম্পদ ও খারগ দ্বীপ নিয়ন্ত্রণের সম্ভাবনার কথাও ইঙ্গিত করেছেন।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসন আলোচনার বিষয়ে সরাসরি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না দিলেও শোনা যাচ্ছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে আলোচনার অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে গালিবাফ এই আলোচনাকে মার্কিনদের ‘গোপন হামলার পরিকল্পনা’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানিরা তাদের ‘জ্বালিয়ে দেওয়ার’ জন্য প্রস্তুত রয়েছে। বর্তমানে মিসর, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা এই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছেন।