‘ইরানের নৌ ও বিমানবাহিনী পুরোপুরি ধ্বংস হয়েছে’: জাতির উদ্দেশে ভাষণে ডোনাল্ড ট্রাম্প

এক মাসব্যাপী চলমান ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে দেওয়া এই ভাষণে তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী বর্তমানে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প আরও উল্লেখ করেন যে, দেশটির অধিকাংশ প্রভাবশালী নেতা ইতোমধ্যেই নিহত হয়েছেন।
ভাষণের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্প নাসার ‘আর্টেমিস-২’ মিশনের সফল উৎক্ষেপণের সংবাদ শেয়ার করেন এবং নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন। তবে ভাষণের মূল অংশ জুড়ে ছিল ইরান সংকট। তিনি জোর দিয়ে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং ড্রোন হামলার সক্ষমতা এখন নাটকীয়ভাবে খর্ব করা হয়েছে, যা ওই অঞ্চলে তেহরানের প্রভাবকে স্তিমিত করে দিয়েছে।
যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প বলেন, “বিশেষ করে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলো অসাধারণ কাজ করেছে। আমরা কোনোভাবেই আমাদের মিত্রদের ব্যর্থ হতে দেব না।” তিনি অভিযোগ করেন, ইরান এই অঞ্চলের অনেক দেশের ওপর হামলা চালিয়েছে, যা প্রমাণ করে যে ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।
বিবিসি’র সূত্র মতে, ট্রাম্পের এই ভাষণ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানেরই প্রতিফলন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের সামরিক হুমকি নির্মূল করতে ওয়াশিংটন তার অভিযান অব্যাহত রাখবে।