↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২ এপ্রিল ২০২৬, ৫:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ২ এপ্রিল ২০২৬, ১০:২৮ এ.এম

‘টাকা তো ছাপিয়ে দিচ্ছি না, মূল্যস্ফীতি হবে কেন?’—সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে দেওয়া অর্থ দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি ঘটাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উল্টো এই উদ্যোগের ফলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী ও সচল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আকতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, তাই মূল্যস্ফীতি হওয়ার প্রশ্নই আসে না। বরং এই অর্থ যখন প্রান্তিক পর্যায়ের নারী ও কৃষকদের হাতে পৌঁছাবে, তারা তা স্থানীয় বাজারেই ব্যয় করবেন। এই টাকা বিদেশে পাচার হবে না, বরং স্থানীয় মুদির দোকান বা ছোট ব্যবসায়ীদের কাছে যাবে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।”

বাজেট বরাদ্দ ও কার্ডের ব্যাপ্তি প্রসঙ্গে তিনি জানান, একবারে সবাইকে কার্ড দেওয়া সম্ভব নয়। তবে প্রতি বছরের বাজেটে বরাদ্দ বাড়িয়ে পর্যায়ক্রমিকভাবে অধিক সংখ্যক মানুষকে এই সুবিধার আওতায় আনা হবে। এটি সরকারের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা যা দেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষের ক্রয়ক্ষমতা ও স্থানীয় শিল্পের বিকাশে সহায়ক হবে।

জনাব তারেক রহমান আরও যোগ করেন, একজন নারী যখন এই অর্থ সন্তানের পড়াশোনা বা পারিবারিক প্রয়োজনে ব্যয় করেন, তখন সেটি পরোক্ষভাবে স্থানীয় ব্যবসায়িক কার্যক্রমকে গতিশীল করে। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, হয়তো আগামী ছয় মাসে বড় কোনো পরিবর্তন দৃশ্যমান হবে না, তবে তিন থেকে পাঁচ বছরের মধ্যে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।