৫০ কোটি টাকা ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশের দাবিতে এমপি আমির হামজাকে আইনি নোটিশ

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকা ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসমক্ষে প্রকাশের দাবিতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসানের পক্ষে অ্যাডভোকেট আব্দুল মজিদ এই নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসমক্ষে প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার সূত্রপাত গত ২৬ ফেব্রুয়ারি, যখন কুষ্টিয়া শহরের একটি ইফতার মাহফিলে বক্তব্যকালে এমপি আমির হামজা দাবি করেন, গত তিন দিনে শুধু মেডিক্যাল কলেজের কাজ বন্ধ রাখার জন্য তাঁকে ৫০ কোটি টাকার বেশি অফার করা হয়েছে। তিনি তখন বলেছিলেন, “৫০ কোটি কেন, ১০০ কোটি বা পুরা কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে একচুল নড়ব না।” তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রীয় ও শরিয়াহ আইন অনুযায়ী ঘুষদাতা ও গ্রহীতা উভয়ই সমান অপরাধী। অপরাধীদের নাম প্রকাশ না করে কেবল নিজেকে ‘ভালো মানুষ’ হিসেবে প্রচার করা আইনত অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার শামিল। নোটিশদাতা হৃদয় হাসান জানান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর পথে বাধা সৃষ্টিকারীদের মুখোশ উন্মোচনের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, ঘুষ প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেও অপরাধীদের নাম গোপন রাখা একটি ‘ক্রিমিনাল অফেনস’। তিনি অবিলম্বে জনসমক্ষে দোষীদের নাম প্রকাশের দাবি জানান।