‘ড. ইউনূস-আসিফ নজরুলকেও রাজপথে নামতে হবে’: ওমরাহ শেষে ফিরেই হুশিয়ারি নাহিদ ইসলামের

সংবিধান ও রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নে ড. মুহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুলসহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে রাজপথে নেমে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সংস্কারের মূল অধ্যাদেশগুলো বাস্তবায়নে তাঁদেরও এখন সাধারণ মানুষের সঙ্গে মাঠে নামতে হবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নাহিদ ইসলাম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা অত্যন্ত উদ্বিগ্ন। অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে। এখন বিএনপি ক্ষমতায় এসে মূল সংস্কারের অধ্যাদেশগুলো বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে।” তিনি সরাসরি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, “সংস্কার প্রশ্নে আপনাদেরও মাঠে নামতে হবে। উপদেষ্টারা কাজ শেষে নিজেদের পুরোনো ক্যারিয়ারে ফিরে যাবেন—এটা হবে না। মানুষের রক্তের ওপর দিয়ে আপনাদের বসানো হয়েছিল, নিরাশ করলে আপনাদেরও জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
বিএনপির বর্তমান অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেলেও দেশের জনগণ বিএনপির সঙ্গে নেই। কারণ তারা জনগণের আকাঙ্ক্ষিত সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।” অর্জিত সাফল্য ধরে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের লুকোচুরি না করে জনসমক্ষে মুখ খোলার এবং রাজপথে সক্রিয় হওয়ার দাবি জানান তিনি।