↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৫ এপ্রিল ২০২৬, ২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ৪ এপ্রিল ২০২৬, ৬:৩৫ পি.এম

‘জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও কার্যকর, বাস্তবায়ন হবে সংসদীয় পদ্ধতিতে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ কোনো সাধারণ বিষয় নয়, এটি নিজেই স্বতন্ত্র, সক্রিয় ও কার্যকর। এই সনদ বাস্তবায়ন করবে দেশের সার্বভৌম জাতীয় সংসদ। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে একটি খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ ও গণভোট নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিল হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কীভাবে কার্যকর হবে, তা সনদের মধ্যেই স্পষ্টভাবে বলে দেওয়া আছে। এটি মূলত সংবিধান সংশোধনের মাধ্যমে সংসদে বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনেপ্রাণে জুলাইয়ের চেতনাকে ধারণ করে।”

সম্প্রতি জ্বালানি তেলের বাজার নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন, “সরকার তেলের মূল্যবৃদ্ধি করেনি। যদি কেউ কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারির অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “দেশকে বাঁচাতে হলে নদী-নালা ও খাল দখলমুক্ত করার বিকল্প নেই। দখলদার যত শক্তিশালীই হোক, তাদের উচ্ছেদ করে জলাশয় খনন করা হবে।” তিনি আরও জানান, আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে শৈলকুপায় এই খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।