↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৬ এপ্রিল ২০২৬, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ৫ এপ্রিল ২০২৬, ২:৫৪ পি.এম

সংস্কার ও গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশজুড়ে আলোচিত ‘জুলাই সনদ’ ও গণভোট ইস্যুতে রাজনৈতিক উত্তাপের মধ্যে বিএনপির অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সম্প্রতি একটি টেলিভিশন টক শো’তে অংশ নিয়ে তিনি জানান, মূলত সংস্কারের পক্ষে অবস্থান নিতেই বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সিদ্ধান্ত নিয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, গণভোটে উত্থাপিত প্রায় ৩০টি বিষয়ের অধিকাংশের সঙ্গেই বিএনপির নীতিগত মিল রয়েছে। তবে কিছু সুনির্দিষ্ট ইস্যুতে দলটির জোরালো দ্বিমত রয়েছে। বিশেষ করে, বিএনপি উচ্চকক্ষ বা আপার হাউস গঠন সমর্থন করলেও সেখানে ‘আনুপাতিক প্রতিনিধিত্ব’ (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বিপক্ষে। এছাড়া নির্বাচন কমিশন নিয়ে একমত হলেও অন্যান্য কমিশনের নিয়োগ প্রক্রিয়া ও তত্ত্বাবধায়ক সরকারের কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে দলটির আংশিক দ্বিমত রয়েছে।

কৌশলগত অবস্থানের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, মাত্র দুটি বিষয়ে আপত্তির কারণে যদি বিএনপি ‘না’ ভোটের আহ্বান জানাত, তবে বিরোধীরা দলটিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে উপস্থাপনের সুযোগ পেত। রাজনৈতিকভাবে এমন ভুল বার্তা এড়াতেই বিএনপি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

উপদেষ্টা উল্লেখ করেন, বিএনপি আগে থেকেই তার দ্বিমতের বিষয়গুলো স্পষ্ট করেছে এবং সেই অবস্থান থেকে সরে আসেনি। কেউ কেউ দ্রুত নির্বাচনের স্বার্থে বিএনপি এই অবস্থান নিয়েছে বলে মনে করলেও, মূল উদ্দেশ্য ছিল সংস্কারের পক্ষে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা।